অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ১৩ই এপ্রিল ২০২৬, ১১:৩৮ এএম

বিশ্ববাজারে কমেছে সোনার দাম

বিশ্ববাজারে নেমে এসেছে সোনার দাম। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা ভেসে যাওয়ার পর নতুন করে উত্তেজনা সৃষ্টির আশঙ্কায় ডলার ও তেলের দাম বেড়ে যাওয়ার প্রেক্ষিতে সোনার বাজারে এমন প্রভাব পড়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সোমবার (১৩ এপ্রিল) ব্রিটিশ সংবাদসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সময় সকাল ৮টা ২২ মিনিটে স্পট মার্কেটে সোনার দাম ০ দশমিক ৬ শতাংশ কমে আউন্সপ্রতি ৪ হাজার ৭১৮ দশমিক ৯৮ ডলারে দাঁড়ায়। দিনের শুরুতে ৭ এপ্রিলের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায় এই দাম। আর জুনে ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারস ১ শতাংশ কমে ৪ হাজার ৭৪২ ডলারে নেমে আসে।

কেসিএম ট্রেডের প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার রয়টার্সকে বলেন, শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় যুদ্ধবিরতির আশা ধাক্কা খেয়েছে। এর ফলে ডলার ও তেলের দাম বাড়ায় সোনায় বিনিয়োগ কমেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে ১১ শতাংশের বেশি কমেছে সোনার দাম। ওয়াটারার আরও বলেন, তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠলেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের সুদহার বাড়ানোর সম্ভাবনা সামনে আসে। মূলত, এই সুদের হার সংক্রান্ত প্রত্যাশাই সোনার দামে নেতিবাচক প্রভাব ফেলছে।

সোনার পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামও কমে গেছে বিশ্ববাজারে। এর মধ্যে রুপার দাম ২ দশমিক ২ শতাংশ কমে প্রতি আউন্স ৭৪ দশমিক ২৩ ডলারে নেমে এসেছে। একইভাবে প্লাটিনামের দামও ০ দশমিক ৫ শতাংশ কমে ২ হাজার ৩৪ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। তবে, প্যালাডিয়ামের দাম ১ শতাংশ বেড়ে ১ হাজার ৫৩৫ দশমিক ৭৭ ডলারে পৌঁছেছে।

দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম এখন ২ লাখ ৪৭ হাজার ৯৭৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ৩৬ হাজার ৭২১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনা ২ লাখ ২ হাজার ৮৯৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৬৫ হাজার ২৭৯ টাকাৎ বেচাকেনা হচ্ছে।

Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান