অনুসন্ধান

খোঁজা হচ্ছে...

সার্চ করতে টাইপ করে Enter দিন অথবা সার্চ বাটনে ক্লিক করুন।
কোনো খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্রের ‘সময় ফুরিয়ে আসছে’: আইআরজিসি কর্মকর্তার হুঁশিয়ারি

বার্তাবাজ ডেস্ক

প্রকাশঃ ২৪ই মার্চ ২০২৬, ০৪:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের ‘সময় ফুরিয়ে আসছে’: আইআরজিসি কর্মকর্তার হুঁশিয়ারি



ইরান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হুমকি-হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এ অবস্থায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা মোহসেন রাজাই যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমেরিকার সময় দ্রুত ফুরিয়ে আসছে। তিনি সতর্ক করে বলেন, ইরানের অবকাঠামোয় কোনো হামলা হলে যুক্তরাষ্ট্রকে কার্যত অচল করে দেওয়া হবে এবং তাদের নৌ-যানও ডুবিয়ে দেওয়া হতে পারে।

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইসলামিক রিপাবলিককে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমেরিকাকে এই সংকট থেকে রক্ষা করার শেষ সময় দ্রুত ফুরিয়ে আসছে।

খুব বেশি সময় আর নেই।’

এদিকে আল জাজিরা তাদের লাইভ আপডেট প্রোগ্রামে জানিয়েছে, উত্তর-পশ্চিম ইরানের তাবরিজ শহরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাতভর হামলায় অন্তত ছয়জন নিহত ও নয়জন আহত হয়েছেন। তাসনি নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, দুই শত্রু দেশের হামলায় একাধিক আবাসিক ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।

অন্যদিকে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ‘ইরানের অপরাধমূলক আগ্রাসনের’ কারণে একটি কোম্পানির স্থাপনায় আগুন লেগেছিল, যা পরে নিয়ন্ত্রণে আনা হয়েছে।

অপরদিকে, ইসরায়েলের উত্তরাঞ্চলের হাইফা শহরে লেবানন থেকে রকেট হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে হিজবুল্লাহ। এ সময় উপকণ্ঠ ও আশপাশের এলাকায় সাইরেন বেজে ওঠে। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, অধিকাংশ রকেট প্রতিহত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নেই।

একই সময়ে দক্ষিণ ইসরায়েলের দিমোনা ও আশপাশের এলাকাতেও সাইরেন বেজে ওঠে।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, ইরান থেকে নতুন করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা রাজধানী তেহরানের আকাশে একটি সশস্ত্র হার্মিস ড্রোন ভূপাতিত করেছে।

এদিকে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের বিমান হামলায় তেহরানে আইআরজিসির দুটি গোয়েন্দা সদর দপ্তর এবং ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের একটি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগারসহ প্রায় ৫০টি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে।

ইরানের খোররামশাহর বিদ্যুৎকেন্দ্রে গ্যাস পাইপলাইন লক্ষ্য করে চালানো হামলায় কোনো কার্যক্রমে বিঘ্ন ঘটেনি এবং কোনো হতাহতের ঘটনাও ঘটেনি বলে স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানিয়েছে ফার্স নিউজ এজেন্সি।

এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলের তায়ের জেলার আল-হানিয়াহ ও আল-কুলাইলা এলাকায় ইসরায়েলি বিমান হামলার খবর পাওয়া গেছে।
Bartabuzz Logo

খবরের নতুন ধারা

স্বত্ব © 2026 বার্তাবাজ

  ||  

সম্পাদক ও প্রকাশক: নাজমুল হাসান